শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-02
১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ১০০ টাকার জেরে মধু (৬০) নামে এক ফল ব্যবসায়ীকে ধারালো লোহার শিক দিয়ে বুকে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডাব বিক্রেতা মামুন নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

নিহত মধু উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচির বটতলা এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফল ব্যবসায়ী মধুর ডাব বিক্রেতার কাছে ১০০ টাকা পাওনা ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে এই টাকা চাওয়াকে কেন্দ্র করে মধুর সঙ্গে ডাব বিক্রেতা মামুনের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ডাব বিক্রেতা মামুন একটি ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত মধুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. শামসুজ্জোহা তাকে মৃত ঘোষণা করেন। 


ডা. শামসুজ্জোহা বলেন, ধারালো শিকের আঘাতে মধুর বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১০০ টাকার লেনদেনের জের ধরে মধু নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম