বাগেরহাটের ফকিরহাটে নিজ ঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রায় তিন দিন ধরে ঘরের ভেতরে পড়ে থাকার পর শুক্রবার সকালে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
নিহত শেখ মুজিবুর রহমান ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য। তিনি ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে একটি স্থানীয় দোকানে চা পান করতে দেখা যায় শেখ মুজিবুর রহমানকে। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। শুক্রবার সকালে তার বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক দিন ঘরের ভেতরে পড়ে থাকার কারণে মরদেহ ফুলে যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের ভাষ্য, শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে একাই ওই বাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী ও সন্তান অনেক আগেই মারা গেছেন। এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। আর নাতি মো. সাইদুর রহমান ইমনও অন্যত্র থাকেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ধারণা, শেখ মুজিবুর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার বড় মেয়ে বাবাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে সন্দেহের কথা জানানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। তবে মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুই থেকে তিন দিন আগে মারা গিয়ে থাকতে পারেন। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম