বর্ষা বিদায়ের মাস অক্টোবরে বঙ্গোপসাগরের আবহাওয়ায় একাধিকবার পরিবর্তন আসতে পারে। মাসজুড়ে সাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত একটি শক্তিশালী হয়ে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এ পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরজুড়ে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হলে বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও নদী অববাহিকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে।
নদ-নদীর ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস নেই। দেশের প্রধান নদীগুলোতে এ মাসে স্বাভাবিক প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদী অববাহিকায় পানি দ্রুত বাড়তে পারে।
এদিকে অক্টোবরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধাপে ধাপে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্ষা মৌসুমের আনুষ্ঠানিক সমাপ্তির দিকে এগোবে দেশের আবহাওয়া।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ থেকে ৪ মিলিমিটার এবং গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকতে পারে।
আন্তর্জাতিক আবহাওয়া মডেল, বায়ুমণ্ডলের ওপরের স্তরের পরিস্থিতি এবং বিভিন্ন জলবায়ু সূচকের তথ্য বিশ্লেষণ করেই অক্টোবরের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস তৈরি করেছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম