কক্সবাজার শহরের আলোচিত আশিক গ্রুপের প্রধান আশিকুল ইসলাম প্রকাশ আশিককে (৩২) গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শহরের বাহারছড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আশিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, অপহরণ, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। এ অভিযানের একপর্যায়ে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার তাজুল মুল্লুক সড়ক থেকে আশিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া মামলার তালিকা পর্যালোচনায় দেখা যায়, আশিকের বিরুদ্ধে ২০১১ সাল থেকে বিভিন্ন সময়ে মামলা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনে মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে।
মামলাগুলোর মধ্যে ২০১১ সালের ২০ আগস্ট দায়ের করা একটি মামলায় মারধর, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়। ২০১২ সালের একটি মামলায় সংঘবদ্ধ হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে একই দিনে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়। ওই বছরের আরেকটি মামলায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।
এ ছাড়া ২০১৫ সালের মার্চে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং একই বছরের নভেম্বরে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়। ২০১৮ সালে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা ছাড়াও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক বছরগুলোতেও আশিকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অস্ত্র আইনে এবং একই বছরের নভেম্বরে অপহরণ, আটক, মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে বিশেষ ক্ষমতা আইনে এবং একই বছরের মে মাসে সংঘবদ্ধ হামলা, অপহরণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়।
চলতি ২০২৬ সালের ২৭ জুলাই, ১০ আগস্ট ও ১৭ আগস্ট তার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এসব মামলায় হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভাঙচুর, চুরি, অপহরণ ও চাঁদাবাজির মতো অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে আশিকের গ্রেফতারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অভিযোগ আদালতে বিচারাধীন। এসব অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম