শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

পলাতক আসামি সীমান্ত দিয়ে দেশে ঢুকতে চাইলে গ্রেপ্তার করা হবে: বিজিবি


DhakaReport24.com || 2026-11-23
পলাতক আসামি সীমান্ত দিয়ে দেশে ঢুকতে চাইলে গ্রেপ্তার করা হবে: বিজিবি

কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ ভাবে ঢুকতে বা বের হতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে ৫০টির অধিক সিসিটিভি ক্যামেরা, ৩৩টি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষনিক নজরদারি পরিচালনা করা হচ্ছে। দর্গম ও নদী তীরবর্তী এলাকায় টহলের জন্য বিশেষ যান ও এটিভি ব্যবহার করা হচ্ছে। সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীর (ডিজিএফআই, পুলিশ ও এনএসআই) সাথে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে সীমান্তে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ-ইন থেকে প্রতিহত করা হয়েছে। চারজন মানব পাচারকারীকে আটক এবং ১৩ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।


সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জানমাল রক্ষায় সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম