গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে সেলিম মিয়া নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। এ সময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, একটি গোয়েন্দা প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাকে প্রত্যাহার করে অভিযোগটি অনুসন্ধান করা হচ্ছে। জব্দ করা দুটি মোবাইল ফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের এপিবিএন-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম