শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রিজভী


DhakaReport24.com || 2026-10-08
ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রিজভী

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, তখন গুণগত শিক্ষা দেওয়ার চেয়ে কেবল পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। এমনকি খাতায় না লিখলেও পাস করিয়ে দিতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর ওপর মহল থেকে ধমক দিয়ে বাধ্য করা হতো।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি জাতির মেরুদণ্ড যদি দুর্বল হয়, তবে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। বিগত আমলগুলোতে অতিরিক্ত রাজনীতিকরণের ফলে আমাদের শিক্ষার কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে। বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হলেও নৈতিক শিক্ষার স্থান ছিল না।


শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্বও শিক্ষক সমাজকেই নিতে হবে।


যুক্তরাজ্যের ঐতিহাসিক একটি ঘটনার উল্লেখ করে তিনি উদাহরণ দেন যে, দাবি আদায়ের সাথে সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করাটাও অত্যন্ত জরুরি।


বিএনপির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, বিএনপি সবসময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের অসাধারণ সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দল সচেতন। আমাদের দলের যে ভিশন ও পরিকল্পনা রয়েছে, তাতে শিক্ষক সমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না।


সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম