রাজধানীর ডেমরায় ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার লাকি (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তার প্রথম স্বামীর বন্ধুকে বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে সারুলিয়া বকুলতলা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বোন ডলি জানান, লাকির পূর্বে রেজাউল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল এবং সেই ঘরে ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ৬ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে ঢাকা আসেন লাকি। পরে থানা-পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, ঢাকায় এসে তিনি আগের স্বামীর বন্ধু আশরাফুলের সঙ্গে দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং ডেমরায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা পরিবারের জানা নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে কোনো একসময়ে পারিবারিক কলহের জের ধরে বাসার বারান্দার একটি ছোট কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে লাকি আত্মহত্যা করেন। খবর পেয়ে সেখান থেকে আলামত সংগ্রহসহ মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ এবং তিনি ঘটনার সময় গর্ভবতী ছিলেন কিনা তা জানা যাবে। এ ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম