শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনায় তেলবাহী ট্রেনে হামলা, দুই চালককে কুপিয়ে জখম


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-11-17
চুয়াডাঙ্গার দর্শনায় তেলবাহী ট্রেনে হামলা, দুই চালককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দর্শনার অদূরে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী (বিটিও ট্যাংকার) ট্রেনের ইঞ্জিনে ঢুকে দুই চালককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যাগসহ পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়। সোমবার দিবাগত রাত ৩টা ১৫ থেকে ৩টা ২৫ মিনিটের মধ্যে দর্শনা জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রেনটির লোকোমাস্টার মো. নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।

রেলওয়ে ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঈশ্বরদী লোকোশেড থেকে রাত ১টার দিকে খুলনাগামী খালি বিটিও ট্যাংকার (PSIK 6 DOWN) ট্রেনটি নিয়ে যাত্রা শুরু করেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও তার সহকারী। রাত ৩টা ১০ মিনিটের দিকে 'নকশিকাঁথা এক্সপ্রেস' ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য দর্শনা জংশন স্টেশনের আউটারের দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় ট্রেনটি দাঁড় করানো হয়। এ সময় একদল দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে দুই চালককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিবরণ দিয়ে আহত লোকোমাস্টার মো. নজরুল ইসলাম বলেন, আমরা ইঞ্জিনের ভেতরে বসে ছিলাম। হঠাৎ চার-পাঁচজন অস্ত্রধারী গ্লাসে আঘাত করে ভেতরে ঢুকে পড়ে। অন্ধকার থাকায় বাইরে আরও কেউ ছিল কি না তা দেখতে পাইনি। তারা আমাকে আঘাত করে আমার একটি ও সহকারীর দুটি মোবাইল ফোন, ব্যাগ এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় ক্রসিংয়ের লোকাল ট্রেনটি চলে আসায় দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ট্রেনটিকে পার্শ্ববর্তী উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। সেখানে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উথলী স্টেশনে অবস্থান করার পর ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।

উথলী স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

দামুড়হুদা থানার ওসি রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থলে ঘুরে দেখেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোন ঘটনা, সেটির কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম