মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-11-10
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগে তিনি আত্মগোপনে ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, জাকিয়াকে ছুরিকাঘাতের পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা ‘লিলি গার্ডেন’ ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সরেজমিনে ওই ভবনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িতে তার নানার বাড়িতে অবস্থান করছেন ইমন। ওসি জাকির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় প্রথম দফায় তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নানবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী শহরের একটি স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে।

বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় পেছন থেকে আকস্মিকভাবে এসে এক কিশোর (ইমন) তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীকে শনাক্ত করে দ্রুত অভিযানে নামে পুলিশ।


খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত কিশোর কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং সে একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ও বড় ভাই বিদেশে থাকেন এবং সে মায়ের সঙ্গেই ওই বাড়িতে বসবাস করত।


হামলার ঘটনার পরপরই নিজের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যায় সে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পায়নি। তবে পলাতক থাকা অবস্থায় পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারি ও অভিযানের মুখে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।


এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর ছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরেকটু সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম