কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার আঘাতে রাসেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত রাসেল উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের আহাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই রাসেল ও ইমরান আলীর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১০টার দিকে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ছোট ভাই ইমরান আলী ধারালো হাঁসুয়া দিয়ে বড় ভাই রাসেলকে আঘাত করেন। এতে রাসেল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে বিকেল ৫টার দিকে রাসেলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে দুই ভাইয়ের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি হয়। এতে রাসেল গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম