রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

>> আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

>> ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

>> ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

>> সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

>> ব্যাংকের সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি দোকান মালিক সমিতির

>> চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : অর্থনীতি

ব্যাংকের সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি দোকান মালিক সমিতির


DhakaReport24.com || 2026-10-25
ব্যাংকের সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি দোকান মালিক সমিতির

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে একদিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা, আর্থিক লেনদেনে প্রতিবন্ধকতা কমানো এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ দাবি জানান।

এতে বলা হয়, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা ও আর্থিক ক্ষয়ক্ষতি এড়াতে দীর্ঘ ছুটির প্রবণতা কমানো জরুরি। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা যেমন বন্ধ রাখা যায় না, তেমনি ব্যাংকিং সেবাও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।


দোকান মালিক সমিতির অভিযোগ, শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন অজুহাতে অতিরিক্ত এক দিন ব্যাংক বন্ধ রাখা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ছুটির দিন খোলা রেখে বৃহস্পতিবার বা রোববার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। এতে দীর্ঘ ছুটির সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে নানা সমস্যার মুখে পড়েন।


সংগঠনটির ভাষ্য, ব্যাংক একটি গুরুত্বপূর্ণ আর্থিক সেবামূলক খাত। সপ্তাহে দুই দিনের ছুটির পাশাপাশি ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, বড়দিনসহ বিভিন্ন সরকারি ও অন্যান্য ছুটি মিলিয়ে বছরে প্রায় ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। ফলে ব্যবসায়িক লেনদেন ব্যাহত হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সাধারণত ব্যবসায়ীদের ব্যাংকঋণের বিপরীতে ১৪ থেকে ১৫ শতাংশ সুদ দিতে হয়। কিন্তু দীর্ঘ ছুটির কারণে লেনদেনের সময়সীমা বেড়ে যাওয়ায় এ সুদের কার্যকর বোঝা ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছায়।

দোকান মালিক সমিতি বলেছে, বর্তমানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় লাগে না। এমন পরিস্থিতিতে দীর্ঘ ছুটি দিয়ে বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

তাদের মতে, টানা পাঁচ থেকে সাত দিনের ছুটিতে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসা খাতে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। এত বিপুল পরিমাণ অর্থ ঘরে বা ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা ঝুঁকিপূর্ণ। ফলে ছুটির সময় ব্যবসায়ীদের চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কায় থাকতে হয়। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ে।


দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম গতিশীল রাখা, ব্যাংকিং লেনদেনের বাধা কমানো এবং ব্যবসায়ীদের আর্থিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সপ্তাহে একদিন ব্যাংক বন্ধ রাখার ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।


সংগঠনটির প্রত্যাশা, এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে ব্যবসা-বাণিজ্যে গতি বাড়বে এবং দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট ভোগান্তি অনেকটাই কমবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম