দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দাম্পত্য জীবন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে বিজয় স্ত্রী রাশমিকাকে আনফলো করেছেন- এমন দাবি ঘিরে ছড়িয়েছে নানা গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, বিজয় শুরু থেকেই ইনস্টাগ্রামে কাউকে অনুসরণ করেন না বলে জানা গেছে।
অন্যদিকে, রাশমিকা এখনো ইনস্টাগ্রামে বিজয়কে ফলো করছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার বিষয়টি থেকে তাদের সম্পর্কে কোনো টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই তারকা দম্পতি।
সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এ হাজির হয়ে নিজেদের প্রেম ও বিয়ের নানা অজানা গল্প শোনান বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানে বিজয় জানান, ইতালিতে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে পছন্দমতো আংটি না পাওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
পরে বিয়ের আগে সংগীত অনুষ্ঠানের দিন রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়। অভিনেতার ইচ্ছা ছিল, জীবনের এই বিশেষ মুহূর্তের অনুভূতি থেকে যেন রাশমিকা বঞ্চিত না হন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর বিয়ের মধ্য দিয়ে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন তারা।
২০১৮ সালে প্রথমবার একসঙ্গে কাজ করেন এই দুই তারকা। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
যদিও দীর্ঘ সময় নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন বিজয় ও রাশমিকা। শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে সেই সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম