ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৯ তলা থেকে লাফিয়ে পড়ে বিদীপ্ত সিক্ত নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
তিনি ভবনের ৯ তলা থেকে লাফ দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি নিজে লাফ দিয়েছেন, নাকি কোনোভাবে পড়ে গেছেন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত কারণ ও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ওই শিক্ষার্থীর নাম বিদীপ্ত সিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ) ছাত্র। এ বিষয়ে জগন্নাথ হলের ভিপি পল্লব চন্দ্র বর্মণ বলেন, আমি মাত্র খবর পেলাম, আমি ডিএমসির দিকে যাচ্ছি। ফার্স্ট ইয়ারের ছেলে। সে সন্তোষ চন্দ্র ভবন থেকে লাফ দিয়েছে। ও এখনো বেঁচে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি এবং এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি। শিক্ষার্থীর সার্বিক অবস্থার বিষয়ে পরবর্তীতে আপডেট জানানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম