ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে দারুণ একটি সময় পার করছেন। দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় নাম লেখাতে চলেছেন তিনি।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে আসন্ন ‘সোলজার’ সিনেমা নিয়ে বড়পর্দায় তার এই অভিষেককে কেন্দ্র করে দর্শকদের মাঝেও রয়েছে বাড়তি উন্মাদনা।
তবে অভিনয়ের খবরের পাশাপাশি নিজের স্পষ্টভাষী রূপ দিয়ে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা। সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং নারীদের সুরক্ষা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
তিশার মতে, বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার ব্যাপক ঘাটতি রয়েছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।
বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি জানান, সোনার গহনা পরে স্বাধীনভাবে চলাফেরা করাও এখন আর নিরাপদ মনে করেন না।
নারীদের প্রতিনিয়ত যেসব অন্যায্য পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং এর বিপরীতে সঠিক বিচার না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
তাই যেকোনো পরিস্থিতিতে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা আরও জোরদার করার জোরালো দাবি জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম