সৌদি আরব গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু করেছে। এর মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে অপরিশোধিত তেল সরাসরি লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেওয়া সম্ভব হবে। ফলে হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির বিকল্প পথ আবার সচল হলো।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলকে পশ্চিম উপকূলের ইয়ানবুর সঙ্গে যুক্ত করেছে। স্বাভাবিকভাবে এটি প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে; এর সর্বোচ্চ সক্ষমতা প্রায় ৭০ লাখ ব্যারেল পর্যন্ত উন্নীত করা হয়েছে।
চলতি মাসে ড্রোন হামলার পর পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়। এখন পুনরায় কার্যক্রম শুরু হলেও শুরুতে পাইপলাইনটি কম সক্ষমতায় চলছে। ক্ষতিগ্রস্ত পাম্পিং স্টেশনগুলো পুরোপুরি মেরামত করে স্বাভাবিক সক্ষমতায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জ্বালানি বাজারের জন্যও এই পুনরায় চালু হওয়া গুরুত্বপূর্ণ। কারণ হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমিয়ে লোহিত সাগর হয়ে তেল সরবরাহ অব্যাহত রাখার সুযোগ সৌদি আরবের হাতে থাকছে। ইয়ানবু থেকে আবার তেল রপ্তানি শুরু হলে বৈশ্বিক বাজারে সরবরাহ নিয়ে চাপও কিছুটা কমতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম