বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট


DhakaReport24.com || 2026-09-23
শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

মঙ্গলবার ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরও একটি রেকর্ড গড়লেন জো রুট। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করতে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হয়ে গেলেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৫২১ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এর মাধ্যমে ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেন ৩৫ বছর বয়সী এই তারকা। টেন্ডুলকার এই কীর্তি গড়েছিলেন ২০০৪ সালে, ৫২২তম ইনিংস খেলে।

তবে এখনো সবচেয়ে দ্রুততম হিসেবে শীর্ষে আছেন বিরাট কোহলি। যিনি ৪৯০ ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ২০২১ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

ম্যাচের আগে এই মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। একটি বাউন্ডারি মেরেই সেই মাইলফলক স্পর্শ করেন তিনি।

সামগ্রিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করা অষ্টম ব্যাটার রুট। এই তালিকায় জায়গা করে নেওয়া প্রথম ইংলিশ ক্রিকেটারও তিনি। এই তালিকায় অন্য ব্যাটারদের মধ্যে আছেন ভারতের টেন্ডুলকার, কোহলি এবং রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা, আর দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস।

টেস্ট ক্রিকেটে ইতিমধ্যে টেন্ডুলকারের বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন রুট। সম্প্রতি টেস্টে সর্বোচ্চ ফিফটির রেকর্ডেও টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি।

ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডেও টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রুট। তার নামের পাশে এখন টেস্টে জমা আছে ১৪ হাজার ২৭৮ রান। সর্বকালের সেরাদের তালিকায় টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের চেয়ে তিনি পিছিয়ে আছেন মাত্র ১ হাজার ৬৪৩ রানে।

ডিসেম্বরে ৩৬ বছর পূর্ণ হবে রুটের। তবে টেস্ট ক্রিকেটে এখনো নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। দুইশ টেস্ট খেলার মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৩১ ম্যাচ দূরে আছেন।



টেস্ট ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্বের জন্য পরিচিত হলেও ওয়ানডে ফরম্যাটেও কোনো অংশে পিছিয়ে নেই রুট। বরং টেস্টের চেয়ে ওয়ানডেতে তার গড় আরও ভালো।


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে ওয়ানডেতে ৫১-এর বেশি গড়ে ৭ হাজার ৮২৬ রান করেছিলেন রুট। এই ফরম্যাটে ২১টি সেঞ্চুরিও করেছেন তিনি। ওয়ানডেতে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম