বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার


সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-08-26
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষের ঘটনায় আমিন খন্দকার (৪৫) নামে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মুন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আমিন খন্দকার উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে কৃষকলীগ নেতা আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন তিনি। ঐ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাস সঙ্গে মিশরু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি হামলা করা হয়। এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী  চলে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ।

সংঘর্ষের পর পাল্টাপাল্টি হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত ৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম