ভারতের উজানের ঢল ও টানা ভারি বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার। এ পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার। ফলে পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত দুই দিনের টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীর পানি আরও বাড়তে পারে। এতে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টায় পানির সমতল ছিল ২৮ দশমিক ৮৫ মিটার। সেখানে বিপদসীমা ৩০ দশমিক ৮৭ মিটার। অর্থাৎ পানি বিপদসীমার ২ মিটার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তার পানি বাড়ায় জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তাপাড়ের চরাঞ্চলের বাসিন্দারা পানি বৃদ্ধির পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ‘বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম