নীলফামারী-১ আসন (ডোমার-ডিমলা) বিএনপির নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
শুক্রবার বিকেল পাচটার দিকে ডিমলা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হয়।সেখানে বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে শহরের চলাচল বন্ধ রাখে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দিয়ে বহিরাগত প্রার্থীকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, যা তৃণমূলের প্রত্যাশার পরিপন্থী।
তারা খেজুর গাছ প্রতীকের প্রার্থী বয়কটের ঘোষণা দিয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। দাবি না মানলে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জাতীয়তাবাদী যুবদলের ডিমলা উপজেলা শাখার সাবেক সদস্যসচিব আশিকুল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল ইসলাম রাসেল এবং গয়াবাড়ি ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি নাজনিন আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, প্রার্থী পরিবর্তনের দাবিতে গত মঙ্গলবার থেকেই ডিমলা ও ডোমার বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে ধারাবাহিক বিক্ষোভ মিছিল করছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম