বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা


DhakaReport24.com || 2026-10-07
দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আগামী ২০ থেকে ২২ অক্টোবর-মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার-এই ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির সঙ্গে সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিসসহ নির্ধারিত প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।

ছুটি পাবেন না জরুরি সেবার কর্মীরা

দুর্গাপূজার সাধারণ ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান এবং কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন না। প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।


এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহের কাজ। একইভাবে ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীদের ছুটির বাইরে রাখা হয়েছে।


হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও সাধারণ ছুটি ভোগ করবেন না। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতাবহির্ভূত থাকবেন।


এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অফিসগুলোও এ ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


ব্যাংক ও আদালতের বিষয়ে আলাদা নির্দেশনা

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক জারি করবে। অর্থাৎ দুর্গাপূজার ছুটিতে ব্যাংকগুলো কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।


অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফলে আদালতের ছুটির বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতেই নির্ধারিত হবে।


বেসরকারি খাতে ছুটি কীভাবে

বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি দেওয়ার ক্ষেত্রেও পৃথক নির্দেশনা রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ঘোষিত ছুটির সঙ্গে বেসরকারি শিল্প ও কল-কারখানার ছুটির বাস্তবায়ন পদ্ধতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম