নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল রামচরণ বাজার থেকে তাকে গ্রেফতার করে। এ সময় একদল দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ঘিরে ধরে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরেন। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম