রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

শেখ হাসিনার ফেরা নিয়ে যা আছে ‘ওসির ফাঁস হওয়া’ কল রেকর্ডে


DhakaReport24.com || 2026-09-17
শেখ হাসিনার ফেরা নিয়ে যা আছে ‘ওসির ফাঁস হওয়া’ কল রেকর্ডে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক কার্যালয় আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে (আদেশে ভুলবশত রফিকুল ইসলাম লেখা হলেও পদবি অনুযায়ী রাকিবুল হাসান) সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত কথোপকথন শোনা যায়। অডিওতে এক কণ্ঠকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ সেখানে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও মন্তব্য করা হয়।

অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে কড়া সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ সদর দপ্তর থেকে প্রত্যাহারের এই পদক্ষেপ নেওয়া হলো।

তবে ভাইরাল হওয়া এই অডিও রেকর্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল থেকে পোস্ট দিয়ে সাফাই গেয়েছেন ওসি রাকিবুল হাসান। তার দাবি, অডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি লেখেন, এআই প্রযুক্তি দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে খবর প্রকাশের অনুরোধ জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম