পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে ওই তরুণীর সঙ্গী যুবক।
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণী। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। এসময় মোটর সাইকেলেটি রাস্তা বিয়োজনের সাথে ধাক্কা লাগলে ওই তরুণী পিছন থেকে ছিটকে পড়ে যান। পরে একটি বাস তাকে চাপা দিলে ওই তরুণী মারা যান।
দুর্ঘটনার পরপরই চালক তাকে সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে গেছে। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, নিহত তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল, কিন্তু কোথাও ম্যাচ করেনি।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটির এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি। মরদেহ ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম