শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বায়েজিদ কোতোয়ালকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ইনস্টিটিউটের সামনে বায়েজিদ কোতোয়ালকে মারধর করেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
তবে পুলিশ জানায়, বায়েজিদ কোতোয়ালের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমি নিয়ে পূর্ববিরোধ রয়েছে। এ নিয়ে মামলা চলমান। ওই বিরোধের জেরে তাকে মারধর করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পরে বায়েজিদ কোতোয়ালকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এ নিয়ে মামলা চলমান রয়েছে। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম