বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় ডিম খাওয়া নিয়ে মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-10-15
সালথায় ডিম খাওয়া নিয়ে মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু

ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলের সঙ্গে দুই প্রতিবেশীর মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, মারামারি থামাতে গেলে তাঁকে মারধর করা হয়। তবে পুলিশের দাবি, আঘাতের কারণে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যায় মোন্তারমোড় বাজারে ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফারের ছেলে মো. লিয়াকত মোল্যার সঙ্গে প্রতিবেশী আলামিন ও মো. শামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে লুৎফার ঘটনাস্থলে গিয়ে তাঁদের থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তবে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মারামারি থামাতে গেলে লুৎফারকে কিল-ঘুষি মারা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফারের ছেলের সঙ্গে দুই যুবকের মারামারি হয়। এ সময় এগিয়ে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে লুৎফারের মৃত্যু হয়। তাঁর শরীরে আঘাতের কারণে মৃত্যু হয়েছে—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। এ ঘটনায় কেউ অভিযোগও করেননি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম