ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তিনি দেশটির জনপ্রিয় রাত্রিকালিন বিনোদনকেন্দ্রে তার নির্বাচনী প্রচারণায় গেলে এ ঘটনা ঘটে।
সম্প্রতি দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে মধ্যরাতে বাজারটিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছোড়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। কে বোতলটি ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করতে দেখা যায় নিরাপত্তাকর্মীর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম