রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সেনা নিহত


DhakaReport24.com || 2026-10-18
হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সেনা নিহত

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের সঙ্গে লড়াইয়ে আট ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ইয়েমেনের সেনাবাহিনী লাহিজে আট সেনা নিহত হওয়ার খবর জানায়। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ সামরিক অক্ষ এক বিবৃতিতে জানায়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ ফ্রন্টে ওই সেনারা নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি আর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথিরাও।

এর আগে শনিবার তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে হুথিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন। দেশটির একটি সরকারি দপ্তর এ তথ্য জানিয়েছে।

গত জুলাইয়ে শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই এসব প্রাণহানির ঘটনা ঘটল। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই সময়ের পর এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বলে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। দীর্ঘদিন ধরে চলা এ সংঘাতে দেশটিতে নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। তথ্যসূত্র: আনাদোলু

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম