রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগারে আগুন


DhakaReport24.com || 2026-09-20
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগারে আগুন

রাশিয়ার মস্কো অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। এ সময় মস্কোর একটি তেল শোধনাগারেও ড্রোন আঘাত হেনেছে। রোববার রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শনিবার থেকে রাশিয়া ১ হাজার ৬০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে প্রায় ৪৫০টি মস্কোর দিকে যাচ্ছিল।

তিনি জানান, কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এলাকায় পৌঁছায়। একটি ড্রোন একটি আবাসিক ভবনেও আঘাত করে। তবে মস্কো শহরে কেউ হতাহত হননি।

রয়টার্সের সাংবাদিকরা মস্কোতে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা তেল শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতেও দেখেছেন। শোধনাগারটির কতটা ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সোবিয়ানিন দাবি করেন, হামলাটি বড় ধরনের এবং নজিরবিহীন। তার ভাষ্য, রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বাধা দেওয়ার লক্ষ্যেই হামলাটি চালানো হয়েছে। তবে হামলাকারীরা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি।

মস্কোর তেল শোধনাগারটি এর আগেও কয়েকবার ড্রোন হামলার শিকার হয়েছে। ২০২৪ সালে সেখানে ১ কোটি ১৬ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়েছিল। একই বছরে ২৯ লাখ টন পেট্রোল ও ৩২ লাখ টন ডিজেল উৎপাদন করা হয়।

ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট, দাম বৃদ্ধি এবং পেট্রল পাম্পে দীর্ঘ অপেক্ষার ঘটনা ঘটেছে।

মস্কোর বাইরের অঞ্চলেও হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, রামেনস্কোয়ে এলাকায় একটি ২১ তলা আবাসিক ভবন থেকে ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭০ জন শিশু রয়েছে।

এ ছাড়া কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর। সূত্র: রয়টার্স

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম