রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী


DhakaReport24.com || 2026-09-18
ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া প্রথমবারের মতো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ হাতে পেয়েছে। ইতালি থেকে আসা ৪১ বছর পুরোনো ‘জিউসেপ্পে গারিভালদি’ নামের এই রণতরীটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরে নোঙর করেছে। একটি সামরিক অনুষ্ঠানের মাধ্যমে রণতরীটির আগমন উদযাপন করে দেশটি।

সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রভাবশালী সামুদ্রিক রাজ্য শ্রীবিজয়ার নামানুসারে জাহাজটির নতুন নামকরণ করা হয়েছে ‘কেআরআই শ্রীবিজয়া’। নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া ১৮০ মিটার দীর্ঘ এই রণতরীতে সর্বোচ্চ ১৮টি হেলিকপ্টার এবং ৮৩০ জন সদস্য অবস্থান করতে পারবেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ বিতরণে জাহাজটি মূলত ব্যবহার করা হবে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান মুহাম্মদ আলি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লক্ষ্য হলেও প্রয়োজনে যুদ্ধকালীন অভিযানেও রণতরীটি মোতায়েন করা সম্ভব। ১৯৮৫ সালে ইতালীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া এবং ২০১৪ সালে অবসরে যাওয়া এই জাহাজটির বর্তমান অবস্থা যথেষ্ট ভালো। জাকার্তা আশা করছে, এটি আগামী ১৫ থেকে ২০ বছর নৌবাহিনীতে সচল থাকবে।

চলতি বছর প্রাবোও সরকার সামরিক সরঞ্জাম আধুনিকায়নে ব্যাপক জোর দিয়েছে। গত মার্চে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে ইতালি থেকে এই রণতরীটি পাওয়া ছাড়াও সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ৪২টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ের বিশাল চুক্তি করেছে ইন্দোনেশিয়া। পাশাপাশি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা জোরদারে একাধিক নিরাপত্তা চুক্তি সম্পন্ন করেছে দেশটি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম