সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলার বারান্দা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালানো আসামি আব্দুল মমিন ওরফে বড় গ্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ছাতিয়ানতলী এলাকার একটি গ্রামে সদর থানা ও বিশেষ শাখার পুলিশ অভিযান চালিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পর পুলিশকে ধাক্কা মেরে দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান আব্দুল মমিন। তার বিরুদ্ধে একটি হত্যা ও চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম