সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৬৪ মিনিটে বদলি নামা মোঃ ইব্রাহিম পাঁচ মিনিটের মধ্যে গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত।
মোঃ ইব্রাহিম ফর্টিজকে গোল করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে উঠিয়েছিলেন মাস দুয়েক আগে। এক সময় জাতীয় দলে নিয়মিত খেলতেন। মাঝে অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন। আজ সেই ইব্রাহিমই ভুটান ম্যাচে ত্রাতা হয়ে এলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় নামেন ফাহমিদুল। মিনিট পনেরো পর বাংলাদেশের কোচ ডুলি আরো দুই পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভূইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলানো বিশ্বনাথের পরিবর্তে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান। ইব্রাহিম মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল পান।
এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছে। ডিফেন্ডার রহমত মিয়াকে ম্যাচের শেষ বিশ মিনিটের জন্য নামান কোচ ডুলি। ভুটান পিছিয়ে থাকলেও বাংলাদেশকে কাপন ধরানোর মত আক্রমণ করতে পারেনি। বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের মতো কিছু করেনি সেভাবে
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম