সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ


DhakaReport24.com || 2026-10-26
যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ভোলার চরফ্যাশন উপজেলায় আমিনাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবারক উল্লাহর ওপর হামলার প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার দুলারহাট-চরফ্যাশন আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এর ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে পারিবারিক জমিসংক্রান্ত একটি মামলা নিয়ে হাইকোর্টে যাওয়ার বিষয়ে অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহর বাড়িতে যান মোবারক উল্লাহ। সেখানে কথোপকথনের একপর্যায়ে তিনি বসতুল্লাহ চৌমুহনীর জন্য একটি টিউবওয়েল দেওয়ার অনুরোধ জানান সিদ্দিক উল্লাহ মিয়াকে।

এ সময় জিটু নামের এক ব্যক্তি তার কাছে ছয়টি টিউবওয়েল বিক্রির প্রস্তাব দিলে মোবারক উল্লাহ তাকে ১৮ হাজার টাকা দেন। পরবর্তীতে আরও ছয়টি টিউবওয়েল দেওয়ার কথা বলে জিটু নামের ওই ব্যক্তি আরও ১৮ হাজার টাকা নেন। এভাবে মোট ১২টি টিউবওয়েলের জন্য ৩৬ হাজার টাকা দেওয়ার পরও বিগত দুই মাসে মোবারক উল্লাহ টিউবওয়েল কিংবা টাকা কোনোটিই ফেরত পাননি।

ভুক্তভোগীর সমর্থকরা জানান, গত রোববার দুলারহাট বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্ত জিটুকে দেখতে পেয়ে মোবারক উল্লাহ তার পাওনা টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে জিটু ও তার সহযোগীরা মোবারক উল্লাহর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।

এ হামলার খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোবারক উল্লাহর সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল থেকেই দুলারহাট-চরফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী জানান, হামলার ঘটনায় মোবারক উল্লাহর ভাই আনোয়ার উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে দুলারহাট-চরফ্যাশন আঞ্চলিক সড়কের অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম