প্রত্যাহার নির্দেশের ৪ দিন পর রাতের আঁধারে দাগনভূঞা থানা ছাড়লেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।
যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া এই পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মধ্যে তার থানা ছাড়ার বিষয়টি নিয়ে দাগনভূঞায় আলোচনা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার ওসি নোমানকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব হস্তান্তর ও তার নিজস্ব প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফেরদৌসি বেগম বলেন, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। তার দায়িত্ব পালনকালে দালাল বা মামলা বাণিজ্যে জড়িত কাউকে থানায় প্রশ্রয় দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম