প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে অভিশংসনের কয়েক মিনিট পরই গৃহবন্দি করা হয়েছে। দেশটির বড় ধরনের ব্যাংকিং সংকটে অর্ধেকের বেশি মানুষ নিজেদের অ্যাকাউন্টে অর্থ তুলতে বা ব্যবহার করতে পারছেন না। এ পরিস্থিতিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
উয়েনো ব্যাংককে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়ার অভিযোগে তদন্তের মুখে রয়েছেন পেনা। অনিয়মের অভিযোগে চলতি সপ্তাহে ব্যাংকটির কার্যক্রম স্থগিত করা হয়।
এর ফলে ব্যাংকটির ২৯ লাখ গ্রাহকের হিসাবের অর্থ আটকে গেছে। দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৬০ শতাংশ এই ব্যাংকের গ্রাহক। রাতারাতি তারা নিজেদের অর্থ ব্যবহার করতে পারছেন না। এমনকি রুটি ও পানির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন।
এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। বুধবার পেনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার তা শেষ হওয়ার কয়েক মিনিট আগে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
এদিকে পেনার ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন। একই সময়ে পেনের বাড়ির বাইরে পুলিশের উপস্থিতিতে এক সরকারি প্রসিকিউটর স্থানীয় গণমাধ্যমকে জানান, সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দি করা হয়েছে।
সরকারি প্রসিকিউটর এলেনা ফিওরে ফ্রাঙ্কো বলেন, ‘নিশ্চিত হওয়া গেছে, তিনি তার বাড়ির ভেতরেই রয়েছেন। তিনি স্বেচ্ছায় কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার সব প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।’
বৃহস্পতিবার পেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং প্রভাব খাটানোর অভিযোগে তদন্ত শুরু করে সরকারি প্রসিকিউটর দপ্তর। সূত্র: দ্য গার্ডিয়ান
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম