যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জাতীয় দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানি।
কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩০৬’ ফ্লাইটটি জরুরি অবতরণের পর গ্রাউন্ডেড হওয়ায় আড়াইশর বেশি যাত্রীর সঙ্গে এই ফুটবলারও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
জানা গেছে, ফ্লাইটটি রোমে অবতরণের পর দীর্ঘ সময় যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই আটকে থাকতে হয়। পরবর্তীতে তাদের বিমান থেকে নামিয়ে স্থানীয় একটি হোটেলে নেওয়া হলেও ঢাকায় ফেরার নির্দিষ্ট সময় নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাচ্ছেন না কাজেম ও তার পরিবার।
ফুটবলার কাজেমের বাবা হালিম শাহ গণমাধ্যমকে জানান, যাত্রীরা দীর্ঘ ৭-৮ ঘণ্টা উড়োজাহাজের ভেতরেই বসে ছিলেন। পরবর্তীতে বাইরে এসে হোটেলে অবস্থান করলেও বিমান কর্তৃপক্ষ থেকে ঢাকার ফিরতি ফ্লাইট সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি।
এর আগে শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, টরন্টো–রোম–ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছানোর পর অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির মুখে পড়ে।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের ওই উড়োজাহাজটির ত্রুটি সারানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করতে ঢাকা থেকে প্রকৌশলীদের একটি বিশেষ দল রোমে পাঠানো হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের হোটেল আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে ত্রুটি নিরসন ও নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি ঠিক কখন ঢাকার উদ্দেশে রওনা দেবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম