মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম


DhakaReport24.com || 2026-10-27
যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের জন্য কঠোর এক নিয়ম আনতে যাচ্ছে ভারত সরকার। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘সিম-বাইন্ডিং’ নামের এ নতুন বিধান কার্যকর হতে পারে। এর ফলে যেসব ব্যবহারকারী ফোনে নিবন্ধিত সিম সক্রিয় না রেখেই মেসেজিং অ্যাপগুলো ব্যবহার করে থাকেন, তারা বেশ বিপাকে পড়তে পারেন। অবশ্য এর মানে এ নয় যে নির্দিষ্ট দিন থেকেই সবার অ্যাকাউন্ট একযোগে বন্ধ হয়ে যাবে।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) সব মেসেজিং প্ল্যাটফর্মকে এই নতুন নিয়ম চালুর জন্য ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। অন্যদিকে দ্য ইকোনমিক টাইমস উল্লেখ করেছে, সাইবার জালিয়াতি রুখতে এবং ভারতীয় মোবাইল নম্বরের অপব্যবহার পুরোপুরি ঠেকাতেই মুলত এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিম-বাইন্ডিং নিয়ম: সিম-বাইন্ডিং হলো মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাকাউন্টের সংযোগ আরও নিবিড়ভাবে নিশ্চিত করার ব্যবস্থা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ভারতীয় মোবাইল নম্বর দিয়ে নিবন্ধিত মেসেজিং অ্যাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট নম্বরের সক্রিয় সিম বা ই-সিম ডিভাইসে থাকার বিষয়টি নিশ্চিত করতে হতে পারে।


কোনো ব্যবহারকারী নিবন্ধিত সিম খুলে ফেললে, নিষ্ক্রিয় করলে কিংবা পরিবর্তন করলে অ্যাপটি নম্বর যাচাই করতে সমস্যায় পড়তে পারে। সে ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ আসার আশঙ্কা রয়েছে। তবে ঠিক কীভাবে নিয়মটি কার্যকর হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বাস্তবায়ন পদ্ধতির ওপর।


যাদের ব্যবহারে প্রভাব পড়তে পারে:

নতুন নিয়মে কয়েক ধরনের ব্যবহারকারী সমস্যায় পড়তে পারেন।

সেকেন্ডারি ফোন ব্যবহারকারী: যারা একটি ফোনে নিবন্ধিত সিম রেখে অন্য ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের নিজেদের ডিভাইসের সেটআপ যাচাই করতে হতে পারে।

সিম খুলে রাখা ব্যবহারকারী: অ্যাকাউন্ট চালু করার পর যারা ফোন থেকে নিবন্ধিত সিম সরিয়ে ফেলেন, তাদের ক্ষেত্রে যাচাইসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।


শুধু ওয়াই-ফাই ব্যবহারকারী: যারা মূলত ওয়াই-ফাইয়ের মাধ্যমে মেসেজিং অ্যাপ ব্যবহার করেন, তাদের নিবন্ধিত নম্বর সক্রিয় রাখা এবং নতুন শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।


ডুয়াল-সিম ব্যবহারকারী: ফোনে দুটি সিম থাকলে কোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তা যাচাই করা জরুরি।


ব্যবহারকারীদের নিবন্ধিত নম্বর সক্রিয় রাখা, অ্যাকাউন্টে ব্যবহৃত নম্বর যাচাই করা এবং অন্য ডিভাইসে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নির্দেশনা অনুসরণ করা উচিত। পাশাপাশি ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ ও অ্যাপগুলোর আনুষ্ঠানিক ঘোষণা নজরে রাখতে হবে।


উল্লেখ্য, এই নিয়ম মূলত সিম ও মোবাইল নম্বর যাচাইসংক্রান্ত। পুরোনো আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এমন কোনো তথ্য প্রতিবেদনে নেই। নিয়মটি ভারতের নম্বর ব্যবহারকারীদের জন্য প্রস্তাবিত; বাংলাদেশি ব্যবহারকারীদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে, এমন সিদ্ধান্তে পৌঁছানোরও সুযোগ নেই।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম