শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ৩৫১ জন আটক


DhakaReport24.com || 2026-10-30
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ৩৫১ জন আটক

কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ৩৫১ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এতে অংশ নেয়।

গত ২৩ সেপ্টেম্বর থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত দেড় মাসে পরিচালিত অভিযানে মোট আটক হয়েছেন ৫ হাজার ২৪৬ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর যেসব স্থানে কিশোরদের উৎপাত, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ন্ত্রণে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম