|
''চোরে চোরে মাসতুতো ভাই'': বিশ্বব্যাংক ও সরকারের উদ্দেশে হান্নান শাহ |
|
|
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, ঢাকা (৫ জুলাই): সাম্প্রতিক বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন চুক্তি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ বলেছেন, চোরে চোরে মাসতুতো ভাই।” “বিশ্বব্যাংক দুর্নীতিবাজ- একথা আপনারা জেনেও তাদের সঙ্গে চুক্তি করতে গেলেন কেন? এখন আবার বলছেন তাদের সঙ্গে সমঝোতায়ও যাবেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। পদ্মাসেতু দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার এবং অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী যুব ফোরাম।
বুধবার জাতীয় সংসদের বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের সংশ্লিষ্ট এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কোনোভাবেই বিশ্বব্যাংককে বিশ্বাস করা যাবে না। যারা একটি পয়সা দেয়নি, তারা কিভাবে আমাদের দুর্নীতিবাজ বলে, এমনকি বিএনপি সরকারের সময়ও তারা যোগাযোগ খাতে কোনো অর্থ দেয়নি। তারাই আসল দুর্নীতিবাজ। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ও ফোর্বস ম্যাগাজিন এ দুটি সংবাদপত্র পড়লেই বুঝতে পারবেন দুর্নীতি কোথায় আছে।”
আসম হান্নান শাহ বলেন, “পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি। সরকার এই প্রকল্প বাস্তবায়নসহ জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তার একটিও বাস্তবায়ন করতে পারেনি।”
তিনি বলেন, “পদ্মাসেতু নির্মাণের আগেই সরকার এমন দুর্নীতি করেছে, যা বিশ্বব্যাংক তদন্তের মাধ্যমে নিশ্চিত করেছে।”
“শুধু বিশ্বব্যাংকের টাকাই নয়, পদ্মাসেতুর জন্য ভুমি অধিগ্রহণে দেশের তহবিল থেকেও এক হাজার কোটি টাকা লুট করেছে এই সরকার। তারা আমাকে চ্যালেঞ্জ করলে আমি ওই এলাকায় যেয়ে মানুষদের সঙ্গে কথা বলে এটি প্রমাণ করব।” বলেন বিএনপির এই শীর্ষনেতা।
তিনি বলেন, “অতীতে আওয়ামী লীগ যেখানে ব্যার্থ হয়েছে, সেখানে বিএনপি সফল হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন করে দক্ষিণাঞ্চলের মানুষের আশা পূর্ণ করবো।”
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের মো. রহমতুল্লাহ ও গিয়াস উদ্দিন মামুন।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.
|