|
নওগাঁয় সুবর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, নওগাঁ (২৭ জুন): নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুবর্ণা প্রামানিকের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কলেজের সাধারন ছাত্রছাত্রীরা।
বেলা ১১ টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জুলহাজ উর রশীদ অপু, জয়ন্ত কুমার বর্মন, মতিউর রহমান মিঠু, আতিয়া আরবী, চঞ্চলা রাণী প্রমূখ।
বক্তরা অবিলম্বে আসামীদের গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন সহ বাদীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।
বক্তরা আরো বলেন, লাশের ময়না তদন্ত চলাকালীন স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সহযোগীতায় আসামী পক্ষের দু’জন ব্যক্তি মামলা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য নওগাঁ সিভিল সার্জনের সাথে অবস্থান করেন।
লাশের ময়না তদন্ত রিপোর্ট প্রদানে বাধা তৈরী করা হচ্ছে বলে অভিযোগ করে বক্তরা ভবিষ্যতে কঠোর কর্মসূচী গ্রহণ করার ঘোষণা প্রদান করেন।
এ ব্যাপারে নওগাঁ সিভিল সার্জন ড. সোলাইমান আল ফারুকের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং-এ আছেন বলে পরে যোগাযোগ করতে বলেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের নিকট স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, নওগাঁর বদলগাছী উপজেলার জেতপাড়া গ্রামে যৌতুকের দাবীতে সূবর্ণা প্রমানিক নামের সাত মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার পাষন্ড স্বামী ও পরিবারের সদস্যরা। সোমবার বিকেলে হত্যার পর গৃহবধুর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার শুরু করে ওই পরিবারের সদস্যরা। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ সোমবার রাতে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বদলগাছী থানার ওসি লেলিন আলমগীর জানান, সুবর্নার পিতা বাদী হয়ে সুবর্নার স্বামী সুখেন্দ্র নাথ, দেবর মিলন, জা রিক্তা, শ্বশুর সন্তোষ মন্ডল, ননদ পূর্নিমা, সূচিত্রা ও সুখেনের ভগ্নিপতি বিকাশসহ ৭ জনের বিরুদ্ধে যৌতুকের দাবীতে নির্যাতন ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার ভোর রাতে ঘাতক স্বামী সুখেনকে গ্রেফতার করে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.
|